জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের আনন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভূরিভোজের আয়োজন করছেন বাগছাসের সাবেক সভাপতি ও ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদেরসহ অন্যান্য শিক্ষার্থীরা।
মঙ্গলবার ঢাবির টিএসসিতে মাগরিবের নামাজের পর এ ভূরিভোজ ও আনন্দ উৎসব উদযাপিত হবে। অনুষ্ঠানের জন্য দুটি গরু এবং দুটি খাসি জবাই করে খাবার প্রস্তুতির কাজ চলছে।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আব্দুল কাদের এ কর্মসূচি সম্পর্কে জানান। তিনি লিখেছেন, “স্বৈরাচার হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার) টিএসসিতে ভূরিভোজ! দীর্ঘদিনের স্বৈরাচার হাসিনাবিরোধী লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন, সবাইকে নিয়ে আমরা আনন্দ ও বিজয় উদযাপন করব। গরু এবং খাসিভোজের অনুষ্ঠানে সকল দুর্দিনের সঙ্গীরা আমন্ত্রিত।”
তিনি আরও যোগ করেন, “জুলাইয়ে এবং জুলাই পূর্ববর্তী সময়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই আয়োজনে সকলকে সশরীরে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে হবে। ইতিমধ্যে অনেকেই আর্থিক সহায়তা প্রদান করেছেন, এবং যারা করতে চান তারা বিকাশ-নগদ মাধ্যমে অংশ নিতে পারেন।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন