এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার সরেজমিনে দেখা গেছে, শিক্ষা ভবনের পেছনের অংশে দেড় থেকে দুইশ শিক্ষার্থী সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অবস্থান করছেন। শিক্ষার্থীরা স্লোগানে তাদের দাবি জানাচ্ছেন।
অবস্থানরত শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। আমরা ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।
সুমাইয়া তাহমিন জানান, অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, তাই মানতেই হবে।
পুলিশ জানায়, রাতে শিক্ষা ভবনের সামনে এবং আবদুল গণি সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় তাদের শিক্ষা ভবনের পেছনের অংশে সরানো হয়।
রোববার সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সময় শিক্ষা ভবন ও হাইকোর্ট মোড়ে অবস্থান ও সড়ক অবরোধ করেন, যার ফলে গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংবাদ সম্মেলনে তারা জানান, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন