জকসু নির্বাচনে ছাত্রদলের ১৩ দফা ইশতেহার: অগ্রাধিকার আবাসন ও নারী নিরাপত্তা

জবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:২৮ পিএম
জকসু নির্বাচনে ছাত্রদলের ১৩ দফা ইশতেহার: অগ্রাধিকার আবাসন ও নারী নিরাপত্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। 

মঙ্গলবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার প্রকাশ করা হয়।

প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ইশতেহারের মূল অংশ পাঠ করেন। ইশতেহারে আবাসন সংকট নিরসন, স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ এবং নারীবান্ধব ক্যাম্পাস গড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ঘোষিত ১৩ দফার উল্লেখযোগ্য দিকগুলো হলো, আবাসন সংকটের স্বল্প ও দীর্ঘমেয়াদি সমাধান এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যবীমা নিশ্চিতকরণ। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষা। পরিবহন ব্যবস্থার সম্প্রসারণ এবং মানসম্মত গবেষণার সুযোগ সৃষ্টি। প্রশাসনিক হয়রানি বন্ধ এবং দ্রুততর সেবা নিশ্চিত করা। বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ ক্যাম্পাস নিশ্চিতকরণ।

সংবাদ সম্মেলনে এক চমকপ্রদ ঘোষণায় একেএম রাকিবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিন স্বতন্ত্র ভিপি প্রার্থী, চন্দন কুমার দাস, রাকিব হাসান ও মাশরুফ আহম্মেদ। তাঁরা জানান, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের বিকল্প নেই, তাই তাঁরা ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে প্যানেলের অন্যান্য পদপ্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি আধুনিক ও গণতান্ত্রিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।

ইএইচ