ঢাবির মধুর ক্যান্টিনে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:০০ পিএম
ঢাবির মধুর ক্যান্টিনে ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এক মানসিক ভারসাম্যহীন যুবকের হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার বিকেলে হঠাৎ করে ওই ব্যক্তি ক্যান্টিনে প্রবেশ করে আসবাবপত্র ও ছাত্রদলের ব্যানার ভাঙচুর করেন। পরে তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, ক্যান্টিনের ভেতরের চারটি টেবিল এবং সেখানে টাঙানো বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি ব্যানার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক এই হামলায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ব্যক্তিকে আটক করে।

মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী অরুণ কুমার দে জানান, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না, তবে কর্মচারীদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে মানসিক বিকারগ্রস্ত মনে হয়েছে। সে অস্বাভাবিক আচরণ করছিল। প্রক্টোরিয়াল টিম তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করেছে।”

উল্লেখ্য, মধুর ক্যান্টিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ছাত্র আন্দোলনের সূতিকাগার হিসেবে এই স্থানটি পরিচিত।

ইএইচ