ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

জবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:১৪ পিএম
ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ওএমআর মেশিনের পরিবর্তে হাতে ভোট গণনার দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্যানেলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ওএমআর মেশিনে নানান ত্রুটি রয়েছে। জকসু নির্বাচনের ভোট স্বচ্ছতার স্বার্থে হাতে গণনার দাবি জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব। 

এ সময় সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিলসহ প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে ওএমআর মেশিন ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে জবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, “জকসু নির্বাচন নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ওএমআর মেশিনে ভোট গণনার মাধ্যমে নির্বাচনের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।”

উল্লেখ্য যে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই নির্বাচন স্থগিত করে আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) নতুন তারিখ নির্ধারণ করে।

ইতোমধ্যে নির্বাচনের ব্যাপকতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক আয়োজন হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জকসু নির্বাচনের জন্য ৩৮টি এবং হল সংসদ নির্বাচনের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। 

কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৬৪৫ জন এবং হল সংসদে ১ হাজার ২৪২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।

ইএইচ