খালেদা জিয়ার স্মরণে বাকৃবিতে শোকবই উন্মুক্ত করলো সোনালী দল

বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:৩৫ পিএম
খালেদা জিয়ার স্মরণে বাকৃবিতে শোকবই উন্মুক্ত করলো সোনালী দল

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি শোকবই উন্মুক্ত করা হয়েছে।

বাকৃবি সোনালী দলের উদ্যোগে সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই শোকবই উন্মুক্ত করা হয়।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থেকে শোকবইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য যে, আগামী তিনদিন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে সর্বসাধারণের স্বাক্ষরের জন্য এই শোকবই উন্মুক্ত থাকবে।

ইএইচ