মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারতে আসছেন তারেক রহমান

বিজয় সরকার, মাভাবিপ্রবি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০১:৪৭ পিএম
মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারতে আসছেন তারেক রহমান

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আগামী রোববার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে রাজনৈতিক সফর শুরু করছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, এ সফরে উত্তরবঙ্গের মোট ৯টি জেলা পরিদর্শন করবেন তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজারে জিয়ারত করবেন। একই দিনে তিনি সিরাজগঞ্জ ও বগুড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর ১২ জানুয়ারি তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এবং ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। ১৩ জানুয়ারি রাতে রংপুরে অবস্থান শেষে ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির এই শীর্ষ নেতার।

সফরকালে তারেক রহমান মাওলানা ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলন এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি তিনি আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম বলেন, “মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতে তারেক রহমানের আগমন শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা ও অঙ্গীকারের প্রতীক। এই সফর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তাকে স্বাগত জানাতে মাভাবিপ্রবি ছাত্রদল সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ হাসান দিপু বলেন, “তারেক রহমানের এই সফর দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলানা ভাসানীর আদর্শ, ত্যাগ ও সংগ্রামের পথ অনুসরণ করেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। তার উপস্থিতি ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করবে।”

এদিকে তারেক রহমানের মাভাবিপ্রবি আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসসহ টাঙ্গাইল জেলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ইএইচ