গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামীকাল সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। যবিপ্রবিসহ দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ সভায় অংশ নেবেন।
গত ২৯ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি যবিপ্রবির উপাচার্য, সহ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও ডিনরা উপস্থিত থাকবেন।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থীদের অভিভাবক এবং আহত শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন করে প্রতিনিধি সভায় অংশ নেবেন।
ইউজিসির নির্দেশনা অনুযায়ী, ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় যোগ দিতে বলা হয়েছে। এ তালিকায় রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ বলেন, ‘গণভোট সংক্রান্ত এ মতবিনিময় সভাটি মূলত সরকারের একটি জনসচেতনতামূলক কার্যক্রম। এটি ইউজিসির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।’
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন