বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে এবং ধীরে ধীরে এটি গবেষণার সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এআই গবেষণার জন্য হুমকি নয়, বরং গবেষণার শক্তিশালী সহায়ক।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
উপাচার্য আরও বলেন, প্রযুক্তির যুগে নিজেকে পিছিয়ে রাখার সুযোগ নেই। এআই সম্পর্কে ভালো ধারণা রাখলে একাডেমিক রিসার্চকে এগিয়ে নেওয়া সম্ভব। গবেষণার গুণগত মান বাড়াতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ইমরান মাহমুদ।
কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় বেরোবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রকিব এবং মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন