সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদেরও উৎসব ভাতা শতভাগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সেই ভাতাকে পূর্ণাঙ্গ অর্থাৎ শতভাগে উন্নীত করার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতার বৈষম্যের বিষয়টি তিনি অবগত আছেন। বর্তমান সরকারের আমলেই এটি বাস্তবায়িত হবে এবং এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নির্বাচনের আগে এমপিওভুক্তির জন্য যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাই করে দ্রুত প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা ঘুষ-বাণিজ্য সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করা হবে। অনলাইন সিস্টেমে কোনো ত্রুটি থাকলে সেটিও খতিয়ে দেখে দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বেতন বিলম্ব হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও জানান, কোনো মাসে বেতন প্রদানে দেরি হলে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। বিশেষ কোনো কারণে বিলম্ব হলে সেটি খতিয়ে দেখে দ্রুত বেতন ছাড়ের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন