জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে শুরু করে শান্ত চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, গত ১৭ মার্চ টিএসসি এলাকা থেকে ফেরার পথে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী আবু হানিফ স্যারকে পথরোধ করে লাঞ্ছিত করেন। এ সময় তাঁর ব্যক্তিগত পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে অহেতুক প্রশ্ন তুলে হেনস্তা করা হয়। ওই সময় তাঁর সঙ্গে আরও দুইজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সমাবেশে গণিত বিভাগের শিক্ষার্থী সিফাত ফয়সাল বলেন, যে প্রশাসন একজন শিক্ষককে নিরাপত্তা দিতে পারে না, তারা শিক্ষার্থীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে? জুলাই বিপ্লবের পরেও কেন আমাদের ন্যায্য বিচারের দাবিতে এভাবে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, তা প্রশাসনের কাছে জানতে চাই। আমরা ক্যাম্পাসে অছাত্রদের দাপট ও দমন-পীড়নের রাজনীতি নির্মূলের দাবি জানাচ্ছি।
একই বিভাগের শিক্ষার্থী সাজিউল ইসলাম সৈকত বলেন, আমাদের সত্যের পথ দেখানো শিক্ষক আজ লাঞ্ছিত। আমরা নৈতিকতার পক্ষ নিয়ে এখানে দাঁড়িয়েছি। প্রশাসনকে অবিলম্বে এই হেনস্থাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পর অধ্যক্ষ বরাবর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন