জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

জবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১১:২৯ এএম
জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের পঞ্চম পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে যা চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের এ, বি, সি, ডি ও ই ইউনিটের ৫ম পর্যায়ে বিষয়প্রাপ্তদের আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ৬ এপ্রিল রাত ১২টার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নিম্নে উল্লেখিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। 

এছাড়া, আগামী ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত (সকাল ৮:০০টা থেকে বিকাল ৪:০০টা) বিশ্ববিদ্যালয় খোলা থাকা দিনগুলোতে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।

এদিকে ভর্তি ফি সম্পর্কেও বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০,৬৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলোর জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০,৬৩০ টাকা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফি)।

উল্লেখ্য, এই ভর্তি কার্যক্রম শেষে শূন্য আসন থাকলে পরবর্তীতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হবে।

এএন