নববর্ষ উপলক্ষে প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:৩৫ পিএম
নববর্ষ উপলক্ষে প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

বাংলা বর্ষ ১৪৩২ প্রায় শেষের পথে। নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখকে বিভিন্ন আয়োজনে বরণ করে নেয় পুরো জাতি। বাংলা নববর্ষকে ঘিরে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এই উৎসবকে কেন্দ্র করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে রচনা প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মঙ্গলবার জারি করা এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা আয়োজন করতে হবে। তবে প্রতিযোগিতার নির্দিষ্ট বিষয়বস্তু কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হয়নি।

জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে—তারা তাদের অধীনস্থ বিদ্যালয়গুলোতে প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করবেন এবং প্রয়োজনে রচনার বিষয় নির্বাচন করবেন।

উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ। এদিন দেশের কোটি কোটি মানুষ নতুন বছরকে স্বাগত জানাবে নানা আয়োজনে, যার সঙ্গে যুক্ত হলো শিক্ষার্থীদের এই সৃজনশীল কার্যক্রমও।

এম জি