সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার সকাল ১০টায় একযোগে শুরু হওয়া এই পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রতিটি পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। কেন্দ্রগুলোর প্রবেশমুখে প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার্থীদের কাছে অননুমোদিত কাগজপত্র বা ডিভাইস আছে কি না তা কঠোরভাবে তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন