কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী (৪-৬ মে) আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণপদকসহ ছেলে ও মেয়ে উভয় বিভাগে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
যবিপ্রবির ছেলে দল ৪৩ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে রানারআপ হয়েছে। এই বিভাগে অসামান্য নৈপুণ্য দেখিয়েছেন শাহরিয়ার, মারুফ ও সৌরভ। শাহরিয়ার ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ, ৪০০ মিটার হার্ডেলসে রৌপ্য এবং ৮০০ মিটারে ব্রোঞ্জ জেতেন। মারুফ ২০০ মিটারে স্বর্ণ ও ১০০ মিটারে রৌপ্য অর্জন করেন। সৌরভ দীর্ঘ লাফে স্বর্ণ এবং ১০০ মিটারে ব্রোঞ্জ লাভ করেন। এছাড়া আলী বর্শা নিক্ষেপে স্বর্ণ পদক জয় করেন।
দলগত ইভেন্টে ৪×১০০ মিটার রিলেতে রৌপ্য এবং ৪×৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক পায় যবিপ্রবি।
মেয়েদের বিভাগে ৩৪ পয়েন্ট পেয়ে এককভাবে দ্বিতীয় স্থান (রানারআপ) অর্জন করেছে যবিপ্রবি। সামিয়া দীর্ঘ লাফে স্বর্ণ এবং ২০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জেতেন। আঁখি ১০০ মিটার হার্ডেলস ও উচ্চ লাফে রৌপ্য এবং দীর্ঘ লাফে ব্রোঞ্জ অর্জন করেন। আইভি বর্শা নিক্ষেপে রৌপ্য ও গোলক নিক্ষেপে ব্রোঞ্জ পান। এছাড়া অন্তিকা ৪০০ মিটার দৌড়ে রৌপ্য পদক লাভ করেন। রিলে দৌড়ের উভয় ইভেন্টে (৪×১০০ ও ৪×৪০০ মিটার) রৌপ্য পদক জেতে যবিপ্রবির মেয়েরা।
যবিপ্রবির অ্যাথলেটিক্স দলের কোচ ও শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি বলেন, আমাদের ছাত্র ও ছাত্রী উভয় দলই রানারআপ হয়েছে। ছাত্রদের কাছ থেকে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা থাকলেও এই অর্জন আমাদের জন্য বড় সাফল্য। ভবিষ্যতে আরও ভালো করার লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাব।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মেয়েদের বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। যবিপ্রবি উভয় বিভাগেই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন