জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ মাসেও অনুষ্ঠিত হয়নি সিন্ডিকেট সভা। ফলে শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি ও আপগ্রেডেশন, বিভিন্ন তদন্ত কমিটির প্রতিবেদন অনুমোদন এবং প্রশাসনিক নানা নীতিনির্ধারণী সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে আটকে আছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০২৫ সালের ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এরপর চলতি বছরের মে মাস পর্যন্ত আর কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ২০০৬ সালের আইনের ১৮(২) ধারায় বলা হয়েছে, সিন্ডিকেটের সভা অন্তত প্রতি তিন মাসে একবার অনুষ্ঠিত হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সভা না হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, এর আগেও একাধিকবার সময় নির্ধারণ করেও জাতীয় নির্বাচন, ঈদের ছুটিসহ বিভিন্ন কারণে সিন্ডিকেট সভা আয়োজন করা সম্ভব হয়নি। তবে সিন্ডিকেট আয়োজনের পূর্বে যেসব গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে, সেগুলো আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি। শিক্ষকদের পদোন্নতি, প্রশাসনিক বেশ কিছু সিদ্ধান্তের বিষয়গুলো অপেক্ষমাণ রয়েছে, এটি আমরা জানি। আমরা চেষ্টা করছি দ্রুততম সময় সিন্ডিকেট সভা আয়োজন করার।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি, নিয়োগ, বাজেট ও বিভিন্ন প্রশাসনিক অনুমোদনের মতো বিষয়গুলো এই সভার মাধ্যমেই চূড়ান্ত করা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন