শিক্ষাব্যবস্থাকে শুধু পরীক্ষা ও এ প্লাসকেন্দ্রিক ধারা থেকে বের করে এনে দক্ষতা, কারিগরি জ্ঞান ও বহুভাষাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি জানান, চীন ও বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ ভিত্তি হবে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন।
শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগের মতো শুধু পরীক্ষা আর এ প্লাস নিয়ে পড়ে থাকবো, তা আর হবে না। তিনি জানান, চীনের সঙ্গে যৌথভাবে কারিগরি ও সাধারণ শিক্ষায় নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রড-সিমেন্টের অবকাঠামো নয়, বরং শিক্ষা হবে বাংলাদেশ ও চীনের সম্পর্কের মূল ভিত্তি। সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করেছে, তা বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য উদাহরণ।
কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার পুরো শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চায় বলেও উল্লেখ করেন এহছানুল হক মিলন। তিনি বলেন, এখনো দেশে স্কুল ও কলেজের ঘাটতি রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে সরকার কাজ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কার্যক্রম জোরেশোরে চলছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন