জাককানইবির উপাচার্য

হাইব্রিড হয়ে আমার কাছে এক্সট্রা বেনিফিট আশা করবেন না

শরীফুল ইসলাম, জাককানইবি  প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১২:৪৬ পিএম
হাইব্রিড হয়ে আমার কাছে এক্সট্রা বেনিফিট আশা করবেন না

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেই স্পষ্ট বার্তা দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, হাইব্রিড হয়ে আমার কাছে এক্সট্রা বেনিফিট আশা করবেন না। দলীয় পরিচয়ের চেয়ে নীতি, আদর্শ এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনি আগে যা ছিলেন, তাই থাকেন-মর্যাদা পাবেন।

তিনি বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষাবান্ধব ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপ দিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ‘নজরুল ভাস্কর্য’, ‘চির উন্নত মম শির’ এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য বলেন, ‘প্রত্যেক ব্যক্তিরই একটি আদর্শ (আইডিওলজি) আছে। বিভিন্ন মতাদর্শের মানুষ থাকাটাই সৌন্দর্য। তারা যদি নীতি ও আদর্শের জায়গা থেকে দেশের কল্যাণে কাজ করে, আমার কোনো সমস্যা নেই। তবে কোনো ধরনের অপচেষ্টা করবেন না-এটাই সবার প্রতি আমার বার্তা।’

তিনি আরও বলেন, ‘নিজের একটি দোষ বলবেন, অন্যের দশটি দোষ গোপন করবেন-তাহলেই আপনার নিজের দোষও গোপন হয়ে যাবে। আমার কান ভারী করবেন না। আমাকে সালাম দেওয়ার জন্য প্রতিদিন আসার প্রয়োজন নেই, মনে মনে দিলেও আমি তা পেয়ে যাবো।’

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি শূন্য থেকে শুরু করতে চাই এবং পরিপূর্ণ হয়ে বিদায় নিতে চাই। আমি শুধু নির্দেশ দিতে পারি, বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। তাই দল-মত নয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের বৃহৎ পরিবারের স্বার্থে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি বাইরে থেকে আসলেও এখন আপনাদের পরিবারের অংশ। আপনাদের সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে অন্তত একটি মানসম্মত ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে পারব।’

নবনিযুক্ত উপাচার্য আরও জানান, তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং মানুষের “পালস” বোঝার চেষ্টা করেন।

উল্লেখ্য, গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম জি