বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:২২ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ মে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গলদা চিংড়ির রেণুবাহী একটি গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এছাড়া আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় মিয়া বাবুল, মো. মিঠু, আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন, ইমরান মাহমুদ, শাখাওয়াত, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মুন্সিসহ আরও কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।

ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করে। পরে তদন্তের পরিপ্রেক্ষিতে দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এম জি