গুচ্ছের সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৪:০৭ পিএম
গুচ্ছের সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশ

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের সাবজেক্ট চয়েসের ফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের আগামী ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ৫ হাজার টাকা ভর্তি ফি পরিশোধ করতে হবে।

এছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার সময় আবেদনকারীর জিএসটি রোল নম্বর উল্লেখ করতে হবে।

ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, প্রথম মেধা তালিকায় কোনো শিক্ষার্থী কোনো বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে মনোনীত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তীতে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। একইভাবে প্রাথমিক ভর্তি বাতিল করলে ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না ওই শিক্ষার্থী।

এছাড়া মাইগ্রেশন প্রক্রিয়া চলাকালে কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিভাগে ভর্তি স্থগিত (স্টপ মাইগ্রেশন) করলে তিনি পরবর্তীতে স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুযোগ পাবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও অনলাইন ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

এম জি