দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে প্রতি মাসে শতভাগ বেতন-ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ২৩১ জন। তাদের নিয়মিত বেতন-ভাতা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব ভাতা সরকার প্রদান করছে।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অবকাঠামো উন্নয়ন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ চলমান রয়েছে, যাতে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম চালু করা যায়।
শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষার সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি শিক্ষাও অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি কমিটি গঠন করে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে। ভবিষ্যতে এমপিওভুক্ত ও সরকারি মাদ্রাসার মান ও কার্যক্রম পর্যালোচনা করে সরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন