শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষায় ডিজিটাল নকলে যুক্ত হচ্ছে নতুন সাজা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৩:৫৬ পিএম
পাবলিক পরীক্ষায় ডিজিটাল নকলে যুক্ত হচ্ছে নতুন সাজা

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকল ও ফলাফল জালিয়াতির বিরুদ্ধে নতুন করে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘Leaders Training Seminar’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম হয়। বর্তমান সরকার সেই লক্ষ্যেই শিক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করছে।

তিনি আরও বলেন, শুধু উচ্চশিক্ষা দিয়ে বেকারত্ব তৈরি করা সরকারের উদ্দেশ্য নয়। বরং তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করাই প্রধান লক্ষ্য।

ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা শুরু থেকেই বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।

এম জি