বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক এলাকায় একটি পুরোনো ভবনের ছাদের অংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রাত ৯টা ২৯ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয় এবং এর প্রভাবেই ভবনটির ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস কর্মকর্তা অপু কুমার মণ্ডল জানান, ভূমিকম্পের কারণে ভবনের ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে নিচে পড়ে এবং ঘটনার পরপরই এলাকাটি ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও জানান, বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুয়েট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে কোনো গুরুতর আহত বা হতাহত ব্যক্তিকে পায়নি বলে নিশ্চিত করেছে।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী, সোমবারের এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ এবং এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে।
ঘটনার পর বুয়েটের প্রো-ভিসি ড. আব্দুল হাসিব চৌধুরী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ড. খান মুহাম্মদ আমানত ঘটনাস্থল পরিদর্শন করেন।
তাঁরা ভবনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন এবং দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন