আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির অপতৎপরতা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের প্রতিবাদে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। এর আগে গতকাল সোমবার রাতেও ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচি শেষে আজ দুপুরে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের আন্দোলনের মুখে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের যেকোনো অপতৎপরতা ছাত্রসমাজ রুখে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান নেই। আওয়ামী লীগের নামে বা ব্যানারে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে।
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচির চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, সাখাওয়াত ইসলাম পরাগ, আহসান মল্লিক, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম আকাশ ও ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন। এ ছাড়া নওয়াব ফয়জুন্নেসা হল ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদিকাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন