সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজধানীর নির্ধারিত সাতটি কলেজ কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
তবে দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যা পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে ট্রেনের সিডিউল বিপর্যয় এবং বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অনেকের পক্ষে নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
পরীক্ষা স্থগিত করা হবে কি না-এ বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন বলেন, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণ উপাচার্য মহোদয়ের বিষয়। তবে এখন পর্যন্ত পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় পাঁচজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে, বন্যার কারণে বিশেষ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের একটি বড় অংশ সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে না পারলে তাদের শিক্ষাজীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন