দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ডিগ্রি (পাস) কোর্সের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে মঙ্গলবার (১৪ জুলাই) পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ১১ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ ছাড়া পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে।
অন্য এক অফিস আদেশে জানানো হয়, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ১৬ জুলাইয়ের আবশ্যিক ইংরেজি (বিষয় কোড: ১২১১০১) পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই (শনিবার)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে সমস্যার মুখে পড়তে পারেন- এমন পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, স্থগিত হওয়া দুটি পরীক্ষা ছাড়া পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন