নোবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন

পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:১৭ পিএম
নোবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন দীর্ঘদিন ধরে শিক্ষকতা, গবেষণা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একাডেমিক নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক দক্ষতা, নীতিনিষ্ঠ নেতৃত্ব এবং আর্থিক ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা তাঁকে দেশের বিশ্ববিদ্যালয় অঙ্গনে সুপরিচিত করে তুলেছে।

গবেষণাক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। করপোরেট ফাইন্যান্স, ব্যাংকিং, পুঁজিবাজার, ব্যবসায় প্রশাসন, টেকসই অর্থায়ন এবং উন্নয়ন অর্থনীতি বিষয়ে তাঁর ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়ে সেগুলো সফলভাবে সম্পন্ন করেছেন। গবেষণা ও নীতিনির্ধারণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তাঁর কাজ প্রশংসিত হয়েছে।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন পেশাগত ও সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ইউট্যাব প্রতিষ্ঠার আগেও তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক-পরিমণ্ডলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউট্যাবের পবিপ্রবি শাখার প্রতিনিধিত্ব করে তিনি ফেনী-১ আসনের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বর্তমানে শহীদ জিয়া স্মৃতি সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ‘আমরা বিএনপি’-এর ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহকর্মী ও পরিচিতজনদের মতে, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘ সময় ধরে সেই আদর্শের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা করে আসছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নিজ জেলা ফেনীতে বিভিন্ন পর্যায়ে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে আলোচিত হয়।

অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনের জন্ম ফেনী জেলার ফেনী সদর উপজেলার শরশাদী ইউনিয়নের রাস্তাখিল গ্রামে। তাঁর পিতা মরহুম হাজী মো. জামাল উদ্দীন সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। পারিবারিক মূল্যবোধ, শিক্ষা ও সততার পরিবেশেই তাঁর বেড়ে ওঠা।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং তাঁর প্রতি আস্থা রাখা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব। শিক্ষা, গবেষণা ও সুশাসনের সমন্বয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।

এম জি