আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ।
এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ৭ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা।
পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বাসসকে জানান, “জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করব।”
তিনি আরও বলেন, গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শে ৯টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক এবং অতিরিক্ত আইজিপি (এইচআর)-এর নেতৃত্বে তৈরি এই কোর্স নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশব্যাপী ১৩০টি ছোট ও ৪টি বড় কেন্দ্রসহ মোট ১৩৪টি প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের তথ্যচিত্র এবং একটি বুকলেট প্রস্তুত করা হয়েছে।
ডিআইজি জিয়া উদ্দিন জানান, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে চার ধাপে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে চলতি মাসের মাঝামাঝি সময়ে ১৯টি কেন্দ্রে ১,২৯২ জন মাস্টার ট্রেইনার বা ট্রেইনার অব ট্রেইনার্স (ToT) তৈরির পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে তারাই মাঠপর্যায়ের দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
তিনি আরও বলেন, “নির্বাচনের সময় যেসব পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেগুলোর ভিত্তিতে বাস্তবমুখী মহড়া ও রিয়েল-টাইম প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে সদস্যরা যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেন।”
এ প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো নির্বাচনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা।
ডিআইজি কাজী জিয়া উদ্দিন আশা প্রকাশ করেন, “এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। নির্বাচনকে সফল ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত করা হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন