জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় ও স্থানীয় নির্বাচনের বাস্তবতা এক নয়, তবু ভোট ব্যবস্থাপনা, কেন্দ্র প্রস্তুতি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং সেগুলোর বাস্তবায়ন নিয়ে নির্বাচন কমিশন ও বিভিন্ন বিদেশি সংস্থার মধ্যে অনুষ্ঠিত সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ভোটকেন্দ্র নির্ধারণ থেকে শুরু করে নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক জাতীয় নির্বাচনে পাওয়া অভিজ্ঞতার আলোকে পরিকল্পনা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, যদিও জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রকৃতি আলাদা, তবুও পূর্ববর্তী অভিজ্ঞতা নির্বাচন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সহায়তা করবে।
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন যে ১৯টি সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছে, সেগুলো নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভবিষ্যতেও এসব বিষয়ে ইইউর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়ে বর্তমানে কাজ চলছে। নির্বাচন কমিশনের নিজস্ব দক্ষতা এবং নির্বাচন পর্যবেক্ষকদের বিভিন্ন প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে আগামী দিনের নির্বাচন আরও গ্রহণযোগ্য ও উন্নত করা সম্ভব হবে।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আগামীতেও সম্পৃক্ত থাকতে আগ্রহী ইইউ। বিশেষ করে নারী, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ আরও বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন