তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:২৩ পিএম
তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গণভোটের নির্বাচনী সময়সূচি ঘোষণার পূর্বে রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। 

প্রথা অনুসারে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই নির্বাচনের চূড়ান্ত তফসিল প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (র্বাচন কমিশনের একজন কমিশনার এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর তফসিলের সময়সূচি চূড়ান্ত করতে কমিশন সদস্যদের একটি বৈঠক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচন কমিশনার জানান, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এই বৈঠকের একদিন বা দু'দিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে। তিনি ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, রোববারের (৭ ডিসেম্বর) বৈঠকের পরে সেই সপ্তাহের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্রে জানা যায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৮, ৯, ১০ কিংবা ১১ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন) সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় হলো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে (৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একটি দিন)।

ইএইচ