ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতির শেষধাপে রয়েছে এবং দেশের জনগণের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ প্রচারের জন্য সরকারি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হচ্ছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আগামীকাল বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে চিঠি পাঠানো হবে।
তিনি জানান, দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সরকারি ব্যাংকের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজন হলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রিজার্ভ তালিকা থেকে কাজে নেওয়া হবে।
নির্বাচন সামগ্রী পাঠানোর প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আগের নির্বাচনের মতো এবারও ভোটের আগের রাতে সব কেন্দ্রেই ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কমিশন।
এদিনের সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
ইএইচ/জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন