ভোটার হতে তারেক রহমানের আইনি বাধা নেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:৪৭ পিএম
ভোটার হতে তারেক রহমানের আইনি বাধা নেই

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। 

শুক্রবার দুপুরে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

ইসি মাছউদ বলেন, "নির্বাচন কমিশন চাইলে যেকোনো সময় যেকোনো ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করতে পারে। এক্ষেত্রে তার (তারেক রহমান) কোনো আইনি বাধা নেই।"

তফসিল ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা ওই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রায় ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। ওইদিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় তিনি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন।

এর আগে গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার তালিকায় নাম লেখানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারেক রহমান। কমিশনও এই প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে।

ইএইচ