৩য় দিনের আপিল শুনানি চলছে ইসিতে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১১:৩৬ এএম
৩য় দিনের আপিল শুনানি চলছে ইসিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। 

সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মূলত ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, গতকাল রোববার দ্বিতীয় দিনের শুনানিতে ৭০ জনের আপিল শুনানি শেষে ৫৭ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ৭ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৬ জনের আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। এছাড়া প্রথম দিনের শুনানিতে বৈধতা পেয়েছিলেন ৫১ জন প্রার্থী। ফলে আপিল শুনানির প্রথম দুই দিনেই প্রার্থিতা ফিরে পেলেন ১০৮ জন।

এদিকে গত শনিবারের তালিকায় পেন্ডিং থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল গতকাল মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল করেছে কমিশন।

কমিশনের সূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এই আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তারা। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেএইচআর