মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:০৬ এএম
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের অষ্টম দিনের শুনানি চলছে আজ। 

শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ আপিল তালিকার ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ফুল কমিশন এই শুনানি গ্রহণ করছেন। আগামীকাল ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ দিন।

এর আগে গতকাল শুক্রবার সপ্তম দিনের শুনানিতে ৪৩টি আবেদনের মধ্যে ১৮টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিপরীতে ১৭টি আবেদন নামঞ্জুর হয় এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আবেদনও কমিশন নামঞ্জুর করেছে।

সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেএইচআর