নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিশেষ অভিযান চলমান রাখতে হবে। আমাদের এখনো চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার কারণ।
তবে ১৩ ডিসেম্বর থেকে ‘ডেভিল হান্ট ফেইজ টু’ শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হয়েছে, যা কিছুটা স্বস্তির।
সোমবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার আনসার বাহিনীকে সতর্ক করে বলেন, কোনো ভুয়া লোক যেন আনসারের পোশাক পরে দাঁড়াতে না পারে। কারণ গত নির্বাচনগুলোতে এটিই ছিল বড় চ্যালেঞ্জ।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, চেকপয়েন্ট অপারেশন রেনডমলি করতে হবে, যেন কোনো সন্ত্রাসী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নিরাপদ বোধ না করে। সভায় তিনি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতমুক্ত করতে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র্যাব-১১-এর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ওসি। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন