বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে ভুগছেন এবং উন্নত চিকিৎসার জন্য গত বছর তিনি যুক্তরাজ্যে যান।
সেখানে দেশটির উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের তত্ত্বাবধানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তবে এক বছরের বেশি সময় পার হলেও তার শারীরিক অবস্থায় এখনো আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা প্রায় আগের মতোই রয়েছে। তিনি কয়েক দফা থেরাপি নিয়েছেন এবং বর্তমানে আরও একটি ধাপের থেরাপি চলছে, যা ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা তার পরবর্তী অবস্থা মূল্যায়ন করবেন।
তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন এখন টুকটাক কথা বলতে পারলেও কথাবার্তায় জড়তা রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে তার মেয়ের বাসায় অবস্থান করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু পারিবারিক ছবি প্রকাশিত হয়েছে। সেগুলো দেখে অনেকেই ধারণা করছেন তিনি সুস্থ হয়ে উঠছেন, তবে বাস্তব পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন