প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার ঘোষণা দিলেন আদনান আল রাজীব

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০২:৫৭ পিএম
প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার ঘোষণা দিলেন আদনান আল রাজীব

ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার রূপালি পর্দায় পা রাখছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও প্রশংসিত বিজ্ঞাপন উপহার দিলেও এবারই প্রথম তিনি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই আজন্ম স্বপ্নের কথা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন নির্মাণের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আদনান আল রাজীব লেখেন, অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো।

দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।

সিনেমাটির গল্প তৈরি করার পেছনে নিজের দীর্ঘ প্রতীক্ষা ও ভালোবাসার গভীরতার কথা উল্লেখ করে এই নির্মাতা আরও বলেন, গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি।

কাঙ্ক্ষিত গল্পটি অবশেষে পূর্ণতা পেয়েছে জানিয়ে উচ্ছ্বসিত আদনান রাজীব পোস্টের শেষে লিখেছেন, কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।

তবে সিনেমার নাম, অভিনয়শিল্পী কিংবা শুটিংয়ের সময়সূচি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। নির্মাতার এই ঘোষণার পর থেকেই বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রসঙ্গত, গত বছর কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছিল আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলী’। প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটি উৎসবে স্বর্ণপামের লড়াইয়ে সামিল হয় এবং ‘স্পেশাল মেনশন’ সম্মাননা লাভ করে। পরবর্তীতে আরও একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কার জিতে নেয় ছবিটি।

জেএইচআর