অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের পরিবারে যুক্ত হয়েছে নতুন সদস্য। প্রথম সন্তান কন্যা কৃষভির পর এবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। সন্তানের আগমনের সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই জানিয়েছেন এই তারকা দম্পতি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) কাঞ্চন ও শ্রীময়ী একটি পারিবারিক ফটোশুটের ছবি প্রকাশ করেন। ছবিতে কাঞ্চনের কাঁধে দেখা যায় তাঁদের মেয়ে কৃষভিকে। আর অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরাবন্দি হন শ্রীময়ী। সেই পোস্টের ক্যাপশনেই দ্বিতীয় সন্তানের জন্মের খবর সবার সঙ্গে ভাগ করে নেন তারা।
পোস্টে তারা লেখেন, ‘আমাদের হৃদয় ও আমাদের ঘর আরও একটু ভালোবাসায় ভরে উঠল। কৃষভির ছোট ভাই কৃষিভ আজ আমাদের জীবনে এসেছে। তিনজনের পরিবার আজ চারজনে পূর্ণ হলো। আমাদের নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পরিবারে স্বাগতম, কৃষিভ।’
বর্তমানে তাঁদের প্রথম সন্তান কৃষভির বয়স ১৯ মাস। এবার পরিবারে যোগ দিল পুত্রসন্তান কৃষিভ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও নবজাতক-দুজনেই সুস্থ আছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই শ্রীময়ীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বিষয়টি নিয়ে তখন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কাঞ্চন বা শ্রীময়ী। প্রথম সন্তানের সময়ও তারা একইভাবে বিষয়টি ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন। একসময় তাঁদের সম্পর্ক ও বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন