বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সার

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:৪৩ পিএম
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সার

তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল দেশের শোবিজ অঙ্গনে। এবার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত কনটেন্টের সেরাদের পুরস্কৃত করা হবে। সেই অনুষ্ঠানমঞ্চেই প্রয়াত কারিনা কায়সারকে বিশেষভাবে সম্মানিত করা হবে।

সম্প্রতি ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে চরকি। যেখানে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তাঁর প্রতি সম্মান জানিয়ে এবার তাঁকে প্রতিযোগিতার মূল তালিকা থেকে বাইরে রাখা হয়েছে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, কারিনার অসাধারণ কাজগুলো আমাদের মাঝে আজীবন রয়ে যাবে। তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাই তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তাঁর অনন্য অবদান স্মরণে এবারের চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

চলতি বছরের ১৬ মে অসুস্থতার কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়।

এদিকে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’।

এছাড়া সেরা অভিনেতা, সিরিজ ও গানসহ বিভিন্ন বিভাগে চরকির গ্রাহকরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সাবস্ক্রাইবারদের এই ভোটগ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। চরকি কর্তৃপক্ষ জানায়, শিগগিরই সমালোচক বিভাগ এবং ২০২৩ সালের কনটেন্টভিত্তিক মনোনয়ন তালিকাও প্রকাশ করা হবে।

জেএইচআর