ফারুকী

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৮:৫৫ পিএম
বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন। তাঁর কাছে রাজনীতি, ব্যবসা ও বিনোদন জগতের ‘বহু ঘটনার মিসিং লিংক’ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন দাবি করেন। ফেসবুকে ফারুকী লেখেন, ‘বহু গুম, ক্রসফায়ার এবং অজস্র রাজনৈতিক পাপের সাক্ষী বেনজীর দুবাইতে গ্রেপ্তার।’

ভুক্তভোগী পরিবার এবং গোটা বাংলাদেশের জন্য এটি একটি বড় খবর উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এখন অপেক্ষা বিচার পাওয়ার। ফ্যাসিবাদী সময়ের ক্ষত থেকে মুক্তির প্রথম ধাপ বিচার। শুধু জুলাই গণহত্যা না, ষোলো বছরের অপকর্মের বিচার!’

এই নির্মাতা বলেন, ‘বিচারের বাইরেও রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের বহু ঘটনার মিসিং লিংক পাওয়া যাবে তাঁর কাছ থেকেই। ক্রাইম থ্রিলার যাঁরা বানাতে চান তাঁরা চোখ রাখতে পারেন!’

এর আগে দুপুরে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বেনজীর আহমেদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) ইমেইলের মাধ্যমে সাবেক আইজি বেনজীরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে। ইমেইলে বলা হয়, দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি সেখানেই আটক রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরও বলেন, এনসিবি আবুধাবি জানিয়েছে-ইউএই ফেডারেল ল-এর ২০১৬ সালের ৩৯ নম্বর ধারা অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। সরকার ইতোমধ্যে এ-সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে।

জেএইচআর