ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা প্রায় ১৬ বছর পর আবারও আলোচনায় এসেছে। এই ইস্যুতে শোবিজ অঙ্গনের সহশিল্পী ও নির্মাতারা নতুন করে সরব হয়েছেন এবং অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে তখনই বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে প্রভা ওই সময়ের অভিজ্ঞতা ও পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রল এবং হয়রানির বিষয়টি তুলে ধরেন। এরপর থেকেই বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এবং অনেক সহকর্মী তার পাশে দাঁড়ান।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে নির্মাতা শিহাব শাহীন ফেসবুকে রাজিব ও প্রভার বাগদানের একটি পুরনো ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ঘটনার পর তিনি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন এবং তখন নানা ব্যাখ্যা দিলেও পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন।
তিনি আরও লেখেন, এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হওয়ার কথা ছিল, হয়নি। বিচার হওয়ার কথা ছিল, হয়নি। জেলে থাকার কথা ছিল, কিছুই হয়নি।

নির্মাতার এই পোস্টের পর অভিনেত্রী ফারিন খান বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে লেখেন, এত বড় অপরাধের পরও কেন কোনো শাস্তি হয়নি।
অভিনেত্রী সিনথিয়া তার প্রতিক্রিয়ায় লেখেন, ১৫-১৬ বছর পর বিষয়টি নিয়ে আলোচনা হলেও তখনকার সময়ে প্রভাকে নানাভাবে একঘরে করা হয়েছিল এবং কাজের সুযোগ থেকেও বঞ্চিত হতে হয়েছিল। তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে প্রভা একজন “ভিক্টিম” হিসেবে দীর্ঘ সময় সংগ্রাম করেছেন।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই একই প্রশ্ন তুলছেন-‘রাজিবের বিচার হলো না কেন?’
উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া জাহান প্রভা। বিয়ের কিছুদিন পরই তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সে সময় ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং পরে প্রভা-অপূর্বের সংসার ভেঙে যায়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন