এক রহস্যময় তরুণকে খাইয়ে দিচ্ছেন কেয়া পায়েল, প্রকাশ্যে এলো পরিচয়

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:০২ পিএম
এক রহস্যময় তরুণকে খাইয়ে দিচ্ছেন কেয়া পায়েল, প্রকাশ্যে এলো পরিচয়

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তাঁর প্রেমের নতুন গুঞ্জন শুরু হয়েছে। মালদ্বীপে অবকাশযাপনের সময় এক রহস্যময় তরুণের সঙ্গে অভিনেত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় চলছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি মনোরম রেস্তোরাঁয় এক তরুণের সঙ্গে বেশ খোশমেজাজে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। দুজনকে গভীর গল্পে মগ্ন থাকতে দেখা যায়। ভিডিওর একপর্যায়ে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিতেও দেখা যায় অভিনেত্রীকে। এই বিশেষ মুহূর্তটিই নেটিজেনদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অনেকেরই প্রশ্ন— কে এই তরুণ? শুধুই কি ভালো বন্ধু, নাকি কেয়ার জীবনের বিশেষ কেউ?

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, এই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই কেয়া পায়েলের সঙ্গে তাঁর জানাশোনা এবং ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও যুক্তরাজ্যে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে তাঁদের। সেই সময় বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে হালকা আলোচনা হলেও, এবারের ভাইরাল ভিডিওটি সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে।

ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করেই হয়তো সম্পর্কের বিষয়টি তাঁরা কখনো প্রকাশ্যে স্বীকার বা উন্মোচন করেননি।

এদিকে এই প্রেমের গুঞ্জন ও ভাইরাল ভিডিও নিয়ে এখন পর্যন্ত কেয়া পায়েল কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ভিডিওটি ঘিরে ভক্তদের মাঝে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানামুখী চর্চা। বর্তমানে কেয়া ও প্রাচুর্যের এই ‘বিশেষ সম্পর্ক’ নিয়েই সরগরম দেশের শোবিজ অঙ্গন।

জেএইচআর