তৃতীয় বিয়ে করছেন আমির খান, নিজেই জানালেন তারিখ

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:৩১ পিএম
তৃতীয় বিয়ে করছেন আমির খান, নিজেই জানালেন তারিখ

বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে রোববার (৫ জুলাই) বিয়ে করবেন তিনি।

মুম্বাইয়ে তার নিজ বাসভবনে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে একান্ত পারিবারিক পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সম্প্রতি ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন।

আমির বলেন, ‘হ্যাঁ, ৫ জুলাই রবিবার আমাদের বিয়ে। এটি ছোট পরিসরের একটি পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।’

নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ কামনা করে তিনি বলেন, এটি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখী ও সুন্দর জীবন কাটাতে পারি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের বড় ছেলে জুনায়েদ খানও। বাবার বিয়ের ঘোষণা দেওয়ার সময় তাকে হাসিমুখে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। তখন তিনি জানান, প্রায় ২৫ বছর ধরে তাদের পরিচয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। জানা গেছে, গৌরীর আগের সংসারের সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেন। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে তাদের দুই সন্তান-জুনায়েদ খান ও ইরা খান।

পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। প্রায় ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব যৌথভাবে পালন করে আসছেন সাবেক এই দম্পতি।

এম জি