বিশ্বকাপে আর্জেন্টিনার নাটকীয় জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন উদযাপনের ঢেউ বইছে, তখন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। এক ভিডিও বার্তায় তিনি ফিফার কিছু সিদ্ধান্তের সমালোচনা করার পাশাপাশি আর্জেন্টিনার কিছু সমর্থকের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।
ভিডিও বার্তায় ওমর সানী জানান, অভিনয়জীবনে আসার আগে তিনি নিয়মিত ফুটবল খেলতেন এবং দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ ফুটবলের অনুসারী। ফুটবলের প্রতি ভালোবাসার জায়গা থেকেই তিনি বর্তমান বিশ্বকাপের কিছু বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন বলে উল্লেখ করেন।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, ফিফা ইরান ও মিশরের সঙ্গে অন্যায্য আচরণ করেছে। তার দাবি, এমন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড দুঃখজনক এবং এতে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নিজেকে ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে ওমর সানী বলেন, ব্রাজিলের পরাজয় তিনি স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। তার ভাষ্য, সেদিন ব্রাজিল ভালো খেলতে পারেনি বলেই হেরেছে। তবে আর্জেন্টিনার কিছু সমর্থকের বিজয় উদযাপনের ধরন তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
তিনি বলেন, ‘ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না।’
ভিডিওর আরেক অংশে ফিফার প্রতিও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তার দাবি, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে সংস্থাটিকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে।
তবে বক্তব্যের শেষ দিকে নিজের মন্তব্যে কেউ আহত বা কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চান ওমর সানী। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন। তবে মেসিকে ভালো লাগার অর্থ এই নয় যে, আর্জেন্টিনার সব সমর্থকের আচরণের সঙ্গে তিনি একমত।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন