ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়ার জোর গুঞ্জনের মধ্যে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই। ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নিলে সেটি সংবাদমাধ্যমকে সবার আগে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জির সাক্ষাৎ এবং পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকের পর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ে।
তবে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই অভিনেতা।
প্রসেনজিৎ বলেন, তার নবান্নে যাওয়াকে কেন্দ্র করে যে ধরনের আলোচনা চলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বাংলা চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি।
রাজ্যসভার সদস্য হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে প্রসেনজিৎ সাংবাদিকদের অনুরোধ করে বলেন, রাজনীতি নিয়ে আর কোনো প্রশ্ন না করতে। তিনি জানান, ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবেই তিনি বৈঠকে অংশ নিয়েছেন। শুটিংয়ের সময় শিল্পীদের নানা ধরনের সমস্যা ও সুবিধা-অসুবিধার বিষয়গুলোই আলোচনায় এসেছে।
তিনি আরও জানান, বৈঠকে টলিউডের বর্তমান অবস্থা, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন নিয়েও আলোচনা হয়েছে।
প্রায় চার দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রসেনজিৎ বলেন, চলচ্চিত্র শিল্পের স্বার্থেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
স্টুডিওপাড়ায় নতুন কোনো কমিটি গঠন করা হলে দায়িত্ব গ্রহণ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এই ইন্ডাস্ট্রিরই একজন সদস্য। শিল্পের স্বার্থে যদি তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে তা গ্রহণ করতে তিনি প্রস্তুত। তার ভাষায়, সবার লক্ষ্যই টলিউডের উন্নয়ন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন