দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ২৮০টি আসন কমানো হয়েছে। তবে তিনটি কলেজে আসন বাড়ানো হয়েছে ৭৫টি। ফলে সরকারি মেডিকেল কলেজগুলোতে চূড়ান্তভাবে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (চিকিৎসা শিক্ষা-১) সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ ও রংপুর মেডিকেল কলেজ থেকে ২৫টি করে আসন কমানো হয়েছে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২৩০ থেকে কমিয়ে ২২৫টি আসন নির্ধারণ করা হয়েছে।
হবিগঞ্জ মেডিকেল কলেজের আসন কমিয়ে ৫০ করা হয়েছে। একইভাবে নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজেও ২৫টি করে আসন কমিয়ে ৫০টি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে তিনটি কলেজে আসন বৃদ্ধি করা হয়েছে, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫টি করে বাড়িয়ে ১২৫টি এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে ১০০টি আসন করা হয়েছে।
অন্যান্য সরকারি মেডিকেল কলেজের আসন অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে কুমিল্লা, খুলনা, বগুড়া শহীদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে ২০০টি করে আসন; পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর ও মুগদা মেডিকেল কলেজে ১০০টি করে আসন; গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৭৫টি আসন নির্ধারিত হয়েছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্টদের মতে, আসন পুনর্বিন্যাসের মূল লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিটি কলেজের অবকাঠামো ও শিক্ষকসংখ্যার সঙ্গে শিক্ষার্থী অনুপাতে সামঞ্জস্য আনা। এই পদক্ষেপ সরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষা পরিবেশ ও মান ধরে রাখতে সহায়ক হবে বলে তারা আশা করছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন