হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:০৫ পিএম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৯ শিশু।

সোমবার (২০ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৩।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৪৭ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৯২২ জন। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯।

হাসপাতাল ব্যবস্থাপনার তথ্য অনুযায়ী, এই সময়ে নতুন করে ৮৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৭৮ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২৬ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ৫৩২ জন।

এম জি