বিএমইউতে গবেষণা প্রোটোকল রচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০২:৪৫ পিএম
বিএমইউতে গবেষণা প্রোটোকল রচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের উদ্যোগে গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক ‘হাউ টু রাইট রিসার্চ প্রোটোকল’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। প্রধান রিসোর্স পারসন বা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন বা নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম।

কর্মশালায় গবেষণা প্রোটোকল লেখার বিভিন্ন ধাপ, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, স্টাডি ডিজাইন নির্বাচন, স্যাম্পল সাইজ, ডাটা কালেকশন বা তথ্য সংগ্রহ ও নৈতিক বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে গবেষণার গুণগত মান বৃদ্ধিতে এসব বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন বারডেমের জিএইচপিডি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. গোলাম আজম এবং বিএমইউর হেপাটোলজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা। কর্মশালাটি সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী বলে অভিহিত করেন।

ইএইচ