হামে আক্রান্ত শিশুদের মায়েদের বড় একটি অংশ পুষ্টিহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিশুদের হামজনিত মৃত্যুর অন্যতম কারণও পুষ্টির ঘাটতি।
রোববার ড্যাব আয়োজিত হাম ও ডেঙ্গু বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অপুষ্টির কারণে হাম আক্রান্ত অনেক শিশু নিউমোনিয়ায়ও আক্রান্ত হচ্ছে। পাশাপাশি রোগীদের যথাযথভাবে আলাদা করে চিকিৎসা বা আইসোলেশন নিশ্চিত করা না যাওয়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এবার হাম পরিস্থিতি দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করে একটি ফ্যাসিস্ট গোষ্ঠী স্বাস্থ্যখাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
এ সময় তিনি জানান, মহাখালী ক্যানসার হাসপাতাল এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন