হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৫:৩৮ পিএম
হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম এবং এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০৫ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮০৫ জনের মৃত্যুর মধ্যে ৭১০ জন হামের উপসর্গে এবং ৯৫ জন পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৪৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২১ হাজার ২০০ জনের মধ্যে। আর পরীক্ষায় মোট ১৫ হাজার ৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৮৮ জন।

এম জি